করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দুঃসময় পেরিয়ে আসা বাংলাদেশে সাত মাস পর প্রথমবার দৈনিক মৃত্যু দশের নিচে নামল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ৬৪৫ জনের মধ্যে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর আগে সর্বশেষ ১১ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এরপর গত সাত মাসে দৈনিক মৃত্যু কখনও দশের নিচে নামেনি। বরং করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়।
গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬৫৪ জনের মৃত্যু হয়েছে।
