কোভিড-১৯: শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে


FE Team | Published: October 05, 2021 17:46:19 | Updated: October 05, 2021 22:18:26


-এফই ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৬৯৪ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৭৯৪ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ১৮ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে।

গত এক দিনে দেশে সাড়ে ২৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ২ দশমিক ৭২ শতাংশ।

গত রোববার দেশে ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্ত রোগীর হার ৩ শতাংশের নিচে নেমে আসে। তবে সোমবার তা বেড়ে হয় ৩ দশমিক ১৯ শতাংশ।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪৮৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের ৭০ শতাংশ। যে ২৩ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৩ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৭০৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ৪৬ লাখের বেশি রোগী।

Share if you like