কোনো পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত হলে ছেঁটে ফেলা হবে, আইজিপির হুঁশিয়ারি


FE Team | Published: January 24, 2022 17:04:48 | Updated: January 25, 2022 09:58:23


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

কোনো পুলিশ সদস্য অসম্মান-অপমান বয়ে আনলে বাহিনীতে তার আশ্রয় হবে না বলে হুঁশিয়ার করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে শিল্ড প্যারেড এবং মাদক ও অস্ত্র উদ্ধারে কৃতিত্ব দেখানো পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পুলিশ মহাপরিদর্শক বলেন, "আমরা চাই না পুলিশ বাহিনীর কোনো সদস্য অপকর্মে লিপ্ত হন। আমাদের পুলিশ বাহিনীর প্রতি সদস্যের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

"একইভাবে যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য পুলিশ বাহিনীর জন্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন, শরীরের কোনো জায়গায় পচন ধরলে যেমন কেটে ফেলে হয়, তেমনভাবে আমরা তাকে পরিত্যাগ করব। তার জন্য পুলিশ বাহিনীতে কোনো আশ্রয় নেই।"

ভালো কাজের কারণে পুলিশকে সংবাদে দেখার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, "আমরা নিজেদের কোনো অপকর্মের মাধ্যমে, নিজেদের কোনো অন্যায় আচরণের মাধ্যমে সংবাদ হতে চাই না। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সংবাদ হতে চাই।"

জনকল্যাণে পুলিশের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথা জানিয়ে বেনজীর বলেন, "আমাদের দক্ষতা প্রতিনিয়ত বৃদ্ধির চেষ্টা করছি। পুলিশের প্রতি মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা পূরণে ব্রতী হতে হবে এবং সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে গণমানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।"

Share if you like