বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন থেকে রক্ত জমাট বেঁধে যাওয়ার সত্যতা সম্পর্কে কোন প্রমাণ নেই এবং কোন দেশের কোভিড-১৯এর এই টিকা দেয়া বন্ধ করা উচিত নয়।
যেসব দেশ তাদের টিকাদান কার্যক্রম স্থগিত করেছে তাদের মধ্যে রয়েছে বুলগেরিয়া, ডেনমার্ক এবং নরওয়ে।
গতকাল থাইল্যাল্ডে অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা দেয়ার কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু ডেনমার্ক ও নরওয়েসহ কয়েকটি দেশে রক্ত জমাট বাধার মতো পার্শ্ব-প্রতিক্রিয়ার খবর আসার কারণে থাইল্যান্ড তাদের এই টিকা দেবার কার্যক্রম স্থগিত করে দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র শুক্রবার জানান রক্ত জমাট বাঁধার সাথে এই ভ্যাকসিনের কোন সম্পর্ক নেই।
মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন অ্যাস্ট্রাজেনেকার টিকা "খুবই ভাল ভ্যাকসিন" এবং এর ব্যবহার বন্ধ করা উচিত নয়।
ইউরোপের প্রায় পঞ্চাশ লাখ মানুষ ইতোমধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন।
ইউরোপে ভ্যাকসিন নেবার পর রক্ত জমাট বাঁধা বা "থ্রম্বোএমবলিক ইভেন্ট"এর লক্ষণ পাওয়া গেছে মাত্র প্রায় ৩০টি ক্ষেত্রে। ইতালিতে ৫০ বছর বয়স্ক এক ব্যক্তি ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে মারা গেছেন এমন খবরও এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই সব খবর তদন্ত করে দেখছে। মিস হ্যারিস বলেছেন নিরাপত্তা নিয়ে এধরনের যে কোন প্রশ্ন উঠলেই হু সবসময়ই সেটা তদন্ত করে দেখে।
তবে এই টিকার সাথে যেসব স্বাস্থ্য সমস্যার খবর দেয়া হয়েছে তার কোন যোগাযোগ আগে জানা যায়নি, তিনি বলেন।
ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে এবং থাইল্যান্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করার পর একই সিদ্ধান্ত নেয় বুলগেরিয়া। ইতালি এবং অস্ট্রিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই টিকার নির্দিষ্ট কিছু ব্যাচ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।
"ইউরোপীয়ান মেডিসিন্স এজেন্সি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে সবরকম সন্দেহ যতক্ষণ না নাকচ করে দিচ্ছে, ততক্ষণ টিকাদান বন্ধ রাখার নির্দেশ আমি দিয়েছি," বলেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসফ।
ইউরোপীয়ান মেডিসিন্স এজেন্সি হল ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তারা ইতোমধ্যেই বলেছে যে এই টিকা থেকে রক্ত জমাট বাঁধার কোন কারণ তারা পায়নি। তারা আরও বলেছে যে যারা এই ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে যে সংখ্যক মানুষের এই লক্ষণ দেখা গেছে তা সাধারণ জনসংখ্যার অনুপাতে বেশি নয়।
অ্যাস্ট্রাজেনেকা বলেছে ক্লিনিকাল ট্রায়ালের সময় এই টিকা নিরাপদ কি না তা নিয়ে ব্যাপক পরিসরে গবেষণা ও পরীক্ষা চালানো হয়েছে।
যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এবং মেক্সিকোসহ অন্যান্য দেশ জানিয়েছে তারা ভ্যাকসিন দেবার কর্মসূচি স্থগিত করছে না।
সোর্স: বিবিসি বাংলা