বেলুনে গ্যাস ভরা দেখতে গিয়েছিল ১২ বছর বয়সী সাব্বির হোসেন; কিন্তু সেই গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ কেড়ে নিল তার শৈশবের সব দুরন্তপনা। ১৭ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত হারাতে হল জীবন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিস্ফোরণে দগ্ধ সাব্বির শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় বলে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি মো.ফারুক হোসেন।
সাব্বির উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
গত ১৩ জানুয়ারি বিকালে নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়নের বিরুলী গ্রামে ওই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪১ জন আহত হন। তাদের মধ্যে বেশির ভাগই শিশু। শরীরে লোহার টুকরো বিদ্ধ হওয়া ছাড়াও পাঁচ-ছয়জন অগ্নিদগ্ধ হন। আর হাত-পা ভেঙে গেছে কয়েকজনের।
সাব্বিরের বাবা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “ঘটনার দিন সাব্বির বেলুনে গ্যাস ভরা দেখতে গিয়েছিল। বিস্ফোরণে সাব্বিরের শরীরের ৪৬ শতাংশ পুড়েছে বলে চিকিসকেরা জানিয়েছিল। গত ২৪ জানুয়ারি থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ১৭ দিন ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে; শেষ পর্যন্ত জীবনই চলে গেল।“
সাব্বিরের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছন।
উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছর পয়লা মাঘ শীতকালীন মেলা হয়। মেলায় বিক্রির জন্য বিরলী গ্রামের আনোয়ার হোসেন বেলুনে গ্যাস ভরছিলেন। আর তা দেখার জন্য ভিড় করেছিল এলাকার শিশুরা। তাদের সঙ্গে ছিলেন বয়স্করাও অনেকে। হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে উড়ে যায়। বিস্ফোরণে বেলুন বিক্রেতা আনোয়ার ও তার মেয়েসহ পরিবারের কয়েকজনও আহত হয়।
