কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে বলে লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান। খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি জানান, এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।
নিহতরা হলো- লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার। তারা ১১-১২ বছরের হবে। তাদের বাড়ি বিজয়পুর এলাকায় এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তারা।
ওসি আরও বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
জসিম উদ্দিন বলেন, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।