কী চান আপনারা, জিএসপি বন্ধ করে কার টুটি চেপে ধরতে চানঃ আইজিপি


FE Team | Published: March 27, 2022 20:13:02 | Updated: March 28, 2022 12:43:31


কী চান আপনারা, জিএসপি বন্ধ করে কার টুটি চেপে ধরতে চানঃ আইজিপি

বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)বেনজীর আহমেদ বলেছেন, দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন।

শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখেছেন।

ওই রাজনৈতিক দলের প্রতি প্রশ্ন রেখে আইজিপি বলেন, আপনারা রাজনীতি করেন জনগণের জন্য, আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা? জিএসপি বন্ধ করে কার টুটি চেপে ধরতে চান? ২২ লাখ মহিলা শ্রমিক কাজ করেন গার্মেন্টস সেক্টরে। ৪০ লাখের বেশি মানুষ সরাসরি কাজ করেন এ সেক্টরে। জিএসপি বন্ধ হলে কার ক্ষতি হবে? অর্থনৈতিক অবরোধ হলে কার ক্ষতি হবে?

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুজিববর্ষ স্মারকগ্রন্থ অনশ্বর পিতা এর মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

Share if you like