Loading...

কারাগারে বিয়ে করার অনুমতি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

| Updated: November 13, 2021 12:04:55


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি পেয়েছেন।

কারা বিভাগ বিবিসি-কে জানায়, অন্য কারাবন্দিদের মতোই প্রচলিত নিয়মে কারা গভর্নর অ্যাসাঞ্জের আবেদন বিবেচনায় নিয়ে বিয়ের অনুমতি দিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করে স্টেলা বলেন, “আশা করছি, আমাদের বিয়েতে আর কোনও বাধা আসবে না।”

যুক্তরাজ্যে বিবাহ আইন ১৯৮৩ অনুযায়ী, বন্দিরা কারাগারে বিয়ের জন্য আবেদন করার সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে সব খরচ নিজেদের মিটিয়ে বিয়ে করতে হয় তাদের।

অ্যাসাঞ্জ এবং স্টেলাও এখন কারাগারেই আইনানুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এবং বিয়ের খরচ তাদের নিজেদেরই বহন করতে হবে।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আইনজীবী স্টেলা মরিসের সঙ্গে জুলিয়ান অ্যাসাঞ্জের পরিচয় হয় ২০১১ সালে। তখন মরিস অ্যাসাঞ্জের আইনজীবী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।

২০১৫ সালে প্রেমে পড়ার দুই বছর পর তারা বাগদান সম্পন্ন করেন। সেই সময় লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। সেখানে থাকা অবস্থায়ই তাদের দুই ছেলের জন্ম হয়।

তাদের জন্মের সময় ভিডিও কলে যুক্ত হয়েছিলেন অ্যাসাঞ্জ। সন্তানরা ইকুয়েডর দূতাবাসে বাবার সঙ্গে দেখা করেছিল বলেও উল্লেখ করেছেন স্টেলা।

অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।

ওই সব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধসম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল, যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়।

এ নিয়ে আলোচনার মধ্যে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা হয়। গ্রেপ্তার এড়াতে ২০১২ সালে অ্যাসাঞ্জ লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন।

২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্য পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করার পর থেকে বেলমার্শ কারাগারে বন্দি আছেন তিনি।। অ্যাসাঞ্জ জেলে যাওয়ার পরই স্টেলার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

Share if you like

Filter By Topic