কাবুল বিমানবন্দরে গোলাগুলি, নিহত ১


এফই ডেস্ক | Published: August 23, 2021 13:52:44 | Updated: August 23, 2021 18:03:58


খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কাবুল বিমানবন্দরের নর্থ গেইটে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পশ্চিমা নিরাপত্তা বাহিনী ও আফগান রক্ষীদের গোলাগুলি হয়েছে বলে জার্মানির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

সোমবারের এ ঘটনায় একজন আফগান রক্ষী নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে টুইটারে জানিয়েছে তারা। এ লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীগুলোও জড়িয়ে পড়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিমানবন্দরটির বাইরে শৃঙ্খলা বজার রাখার জন্য নিজেদের যোদ্ধাদের মোতায়েন করেছে তালেবান আর ভেতরে আফগান রক্ষীরা যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোকে সহায়তা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইরে থেকে এক স্নাইপার বিমানবন্দরের ভেতরে থাকা আফগান রক্ষীদের লক্ষ্য করে গুলি করলে তারা পাল্টা গুলি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের বাহিনী আফগান রক্ষীদের দিকে গুলি ছোড়ে।

বিমানবন্দরটিতে থাকা দুই নেটো কর্মকর্তা জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরটির সব গেইট বন্ধ করে রাখা হয়েছে।

১৫ অগাস্ট তালেবান কাবুল দখল করে নেওয়ার পর থেকে সেখান থেকে পালিয়ে আসা হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক বিমানবন্দরটিতে জড়ো হয়েছেন, তারা সবাই আফগানিস্তান থেকে পালাতে চাইছেন।

তারপর থেকে বিমানবন্দরটির পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে আছে। তারমধ্যেই নিজেদের নাগরিক ও তালেবানের হুমকির মুখে থাকা আফগানদের বিমানযোগে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের আন্তর্জাতিক মিত্র বাহিনীগুলো।

৩১ অগাস্টের মধ্যে সব বিদেশি বাহিনীগুলোর আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে। সেই দিনটি এগিয়ে আসায় বিমানবন্দরে থাকা লোকজন মরিয়া হয়ে তালেবান শাসনে সম্ভাব্য আটকে পড়া এড়ানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরের গেইটে ভিড়ের চাপে পিষ্ট হয়ে সাত আফগানের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর সেখানে নিয়োজিত তালেবান যোদ্ধারা রোববার লাঠিপেটা করে লোকজনকে সরিয়ে দেয়।

আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সব লোককে সরিয়ে নিতে মার্কিন ও তাদের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের চূড়ান্ত তারিখ ৩১ অগাস্ট পার হযে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত ওই সময়সীমার মধ্যেই দেশটি ছাড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিদেশি বাহিনীগুলো।

তবে তারা ওই সময়সীমা বাড়ানোর কোনো অনুরোধ করেনি বলে সোমবার তালেবান নেতৃবৃন্দের এক জ্যেষ্ঠ আইনি উপদেষ্টা রয়টার্সকে জানিয়েছেন।

Share if you like