Loading...
The Financial Express

কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক স্বামী

| Updated: June 10, 2022 17:01:33


কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক স্বামী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

উপজেলার পল্লীবিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান।

মৃত নারীর নাম আকলিমা আক্তার (২২)। তিনি ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।

এ ঘটনায় আটক তার স্বামী আকবর আলী একই গ্রামের আমির হোসেনের ছেলে।

পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “আকলিমা একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর তার স্বামী কাঁচামাল ব্যবসায়ী। গত ৫ মে তারা আনোয়ার মণ্ডলের বাড়ির একটি ঘর ভাড়া নেন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় শিলপাটা দিয়ে আকলিমার মাথায় আঘাত করেন আকবর। এ সময়ে আকলিমা জেগে উঠলে আকবর তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।”

পরে ঘটনাটি বাড়ির মালিক জানতে পেরে আকবরকে আটক করে থানায় খবর দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পুলিশ রাতেই আকলিমার লাশ উদ্ধার ও আকবরকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Share if you like

Filter By Topic