Loading...

করোনায় শনাক্ত বেড়ে তিনশর বেশি

| Updated: December 13, 2021 10:32:51


করোনায় শনাক্ত বেড়ে তিনশর বেশি

দেশে ১৮ দিন পর তিনশর বেশি মানুষের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এক দিনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের।

এর আগে সবশেষ ২৪ অক্টোবর ৩১২ জন কোভিড রোগী শনাক্তের খবর এসেছিল, তারপর থেকে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিনশর নিচেই ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার দেশে প্রথমবারের মত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার খবর আসে। এক দিনে ১৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় পাঁচজনের।

সেই হিসাবে পরদিন নতুন রোগীর সংখ্যা বেড়েছে ১৩৫ জন, আর মৃত্যু বেড়েছে এক জন।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। তাদের মধ্যে ২৮ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৮ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

 

Share if you like

Filter By Topic