করোনায় দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক শনাক্ত, আক্রান্ত ছাড়াল ১৭ লাখ


এফই অনলাইন ডেস্ক | Published: January 25, 2022 17:34:59 | Updated: January 26, 2022 15:27:44


ফাইল ছবি (সংগৃহীত)

ওমিক্রনের ধাক্কায় মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মত দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১৬ হাজারের ঘরে পৌঁছাল, তাতে দেশে মোট শনাক্ত রোগী ছাড়িয়ে গেল ১৭ লাখ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৯ হাজারের কম নমুনা পরীক্ষা করে ১৬ হাজার ৩৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ১৮ জনের।

এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময়, গত বছরের ২৮ জুলাই। সেদিন ১৬ হাজার ২৩০ জনের সংক্রমণ ধরা পড়েছিল, মহামারীর মধ্যে এটাই সর্বোচ্চ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ১২ জানুয়ারি শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৬ লাখের ঘরে পৌঁছেছিল। মাত্র ১৩ দিনে সেই তালিকায় যুক্ত হল আরও এক লাখ নাম।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন এক হাজার ৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like