করোনায় এক দিনে ১০ মৃত্যু, শনাক্ত ৩৩৯


এফই অনলাইন ডেস্ক | Published: October 18, 2021 17:21:09 | Updated: October 18, 2021 21:53:00


করোনায় এক দিনে ১০ মৃত্যু, শনাক্ত ৩৩৯

দেশে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৩৩৯ জনের মধ্যে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৭৮ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগের দিন সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছিল, আর ৩১৪ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৫০৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৬৬ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশ। আর যে ১০ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩ জনই ছিলেন ঢাকা বিভাগের, ৩ জন খুলনা বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like