করোনাভাইরাস ‘সম্ভবত প্রাণী থেকে’ এসেছে: ডব্লিউএইচও


FE Team | Published: March 30, 2021 17:33:39 | Updated: March 31, 2021 18:44:48


করোনাভাইরাস ‘সম্ভবত প্রাণী থেকে’ এসেছে: ডব্লিউএইচও

কোভিড-১৯ সম্ভবত একটি প্রাণী থেকে মানুষের শরীরে এসেছিল এবং ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়ার এক বা দুই মাস আগে থেকে এটি ছড়ানো শুরু হয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক খসড়া রিপোর্টে বলা হয়েছে।

গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাই সবচেয়ে কম, কোভিড-১৯ এর উৎস নিয়ে তদন্ত করা ডব্লিউএইচওর যৌথ আন্তর্জাতিক দল এ সিদ্ধান্তে পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার এ সংক্রান্ত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

তার আগেই প্রতিবেদনের খসড়া সংস্করণ হাতে পায় সিএনএন, যাতে ২০১৯ সালের একেবারে শেষ দিকের আগে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল এমন কোনো তথ্য বা ইঙ্গিত নেই।

প্রতিবেদনে ভাইরাসের সম্ভাব্য চারটি উৎসের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে বাদুড় থেকে অন্য কোনো প্রাণী হয়ে ভাইরাসটি মানবদেহে প্রবেশ করেছিল।

অন্তর্বর্তীকালীন বাহক ওই বন্য প্রাণীটি সম্ভবত মানুষের হাতে ধরা পড়েছিল এবং পরে খামারে বেড়ে উঠেছিল।

বিজ্ঞানীরা বাদুড়কেই করোনাভাইরাসের মূল উৎস মনে করছেন, তবে এর কাছ থেকে মানুষের মধ্যে আসার আগে অন্য কোন প্রাণী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল, তদন্তে তা নিশ্চিত হওয়া যায়নি।

সার্স-সিওভি-২ এর সম্ভাব্য অন্তর্বর্তীকালীন বাহক প্রাণীটি এখনও অধরাই রয়ে গেছে, প্রতিবেদনে বলা হয়েছে।

এর পর যে সম্ভাবনাটি প্রকট, তা হলো বাদুড় বা প্যাঙ্গোলিনের মতো যেসব প্রাণী এই ধরনের করোনাভাইরাস বহন করতে পারে, তাদের কাছ থেকে এটি সরাসরি মানুষের দেহে এসেছে।

Share if you like