Loading...
The Financial Express

করোনাভাইরাসে তিন মাসের সর্বনিম্ন মৃত্যু

| Updated: September 11, 2021 10:32:16


-প্রতীকী ছবি -প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম।

এর আগে সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।

গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৬ হাজার ৮৩২ জন।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ২৭ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৩২৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।          

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৮ দশমিক ৬৫ শতাংশ হয়েছে, যা আগের দিন ৮ দশমিক ৭৬ শতাংশ ছিল।

শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি।

যে ৩৮ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৮৫৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ এবং চট্টগ্রাম বিভাগের ১০ জন বাদে রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগেৱ ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন ছিলেন ।

মৃত ২৮ জনের ২৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

তাদের মধ্যে ৩৫ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১ জনের মৃত্যু বাড়িতে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share if you like

Filter By Topic