Loading...

করোনাভাইরাসে একদিনে দেশে ২৩৭ মৃত্যু, শনাক্ত ১০,৪২০

| Updated: August 12, 2021 11:58:30


করোনাভাইরাসে একদিনে দেশে ২৩৭ মৃত্যু, শনাক্ত ১০,৪২০

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে, কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৪ হাজারের মত নমুনা পরীক্ষা করে ১০ হাজার ৪২০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। তাদের মধ্যে ২৩ হাজার ৩৯৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

আগের দিন মঙ্গলবার সারা দেশে ১১ হাজার ১৬৪ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৬৪ জনের। সেই হিসেবে এক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর আর মৃত্যুর সংখ্যা দুটোই কিছুটা কমেছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫ হাজার ১৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট শনাক্ত রোগীর অর্ধেক।

আর এই সময়ে যে ২৩৭ জন মারা গেছেন, তাদের ১০৫ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন আরও ৫৪ জন।

দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা গতমাসের চেয়ে অনেকটা কমে এসেছে। তবে দেশের মধ্য আর পূর্ব অংশে এখনও চলছে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। 

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৩ হাজার ৩১৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫ শতাংশে। এই হার আগের দিন ২৩ দশমিক ৫৪ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে গত জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বেড়ে ১৩ লাখ পেরিয়ে যায় গত ৪ অগাস্ট। এর মধ্যে ২৮ জুলাই দেশে দিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১০ অগাস্ট তা ২৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জনের মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ।

Share if you like

Filter By Topic