Loading...

কম বয়সীদের জন্য নিউজ ফিড ঢেলে সাজাচ্ছে ফেইসবুক

| Updated: July 23, 2022 18:53:37


কম বয়সীদের জন্য নিউজ ফিড ঢেলে সাজাচ্ছে ফেইসবুক

কম বয়সী ব্যবহারকারীদের জন্য ফেইসবুক অ্যাপের নিউজ ফিড ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে মেটা।

বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, ব্যবহারকারীর পরিচিত অ্যাকাউন্ট থেকে করা পোস্টের চেয়ে নতুন কনটেন্ট অনুসন্ধানকে বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপটি। একই ধরনের পদ্ধতি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম টিকটক।

সাম্প্রতিক মাসগুলোতে নিজস্ব মাধ্যমে থাকা ‘রিলস’-এর বুস্টিং বাড়ানোর পক্ষে মতামত দিয়ে আসছিলেন মেটার নির্বাহীরা। এটি অনেকটা টিকটকের স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মতোই, যার মাধ্যমে অনেক কমবয়সী ব্যবহারকারী আকৃষ্ট করতে পেরেছে সামাজিক ভিডিও শেয়ারিং মাধ্যমটি।

ফেইসবুকের মূল নিউজ ফিড ট্যাব ‘হোম’-এ ব্যবহারকারী এখন থেকে অনুসরণ করেন না এমন ব্যবহারকারীর জনপ্রিয় পোস্টও দেখতে পাবেন। এক বিবৃতিতে মেটা বলেছে– এর মধ্যে আছে রিলস এবং স্টোরিজ।

নিজস্ব ‘মেশিন লার্নিং র‍্যাংকিং’ পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীকে পোস্ট পরামর্শ দেবে ফেইসবুক। এ ছাড়া, পোস্ট পরামর্শ দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তিতে বিনিয়োগের কথাও জানিয়েছে প্রভাবশালী এই সামাজিক মাধ্যম।

‘ফিডস’ নামের নতুন ট্যাবে আগের পদ্ধতিতে ব্যবহার করা যাবে ফেইসবুক, যেখানে পরিচিত বন্ধু, পেইজ এবং গ্রুপের পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারী।

“ট্যাবের মধ্যে ‘ফিডস’ দেখা যাবে ক্রমানুসারে, কোন ধরনের নিজস্ব র‍্যাংকিং ব্যবস্থা ছাড়াই।” --ফেইসবুক পোস্টে বলেছেন মেটা সিইও জাকারবার্গ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মেটা বলেছে, ফিডস-এর মধ্যে ‘সাজেস্টেড পোস্ট’ না থাকলেও এখনও বিজ্ঞাপন থাকবে এতে।

টিকটকের ক্রমবর্ধমান হুমকির কারণে সাম্প্রতিক মাসগুলোতে নিজস্ব অ্যালগরিদমে একাধিক পরিবর্তন এনেছে মেটা। এই কারণেই ২০১৮ সালের ‘বন্ধু ও পরিবারের পোস্ট নিউজ ফিডে দেখানোর’ পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

মে মাসেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে মেটা, যার মাধ্যমে ‘টিকটক’ ধরনের কনটেন্ট দেখার অভিজ্ঞতা পাচ্ছেন ব্যবহারকারী।

এপ্রিল মাসে বিনিয়োগকারীদের জাকারবার্গ বলেছেন, ‘ডিসকভারি ইঞ্জিন’ ব্যবস্থায় যেতে ব্যাপক বিনিয়োগ করছে মেটা।

‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)’-এর ডেটা সেন্টারে এআই’র জন্য বাড়তি কম্পিউটিং সক্ষমতা আনার পরিকল্পনার কথা কর্মীদের জানিয়েছেন মেটার ‘চিফ প্রোডাক্ট অফিসার’ ক্রিস কক্স।

Share if you like

Filter By Topic