ছেলেবেলায় কমিক ছিলো একধরনের নেশার মতন। বিদেশী কমিকের জগত থেকে যখন বাংলা কমিকে প্রবেশ করা হয়, তখনই নাম চলে আসে বিখ্যাত কমিক চরিত্র নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা এর মতন কমিকের নাম। আর এইসব কমিকের স্রষ্টা হচ্ছেন নারায়ণ দেবনাথ।
কে এই নারায়ণ দেবনাথ? ভারতের বিখ্যাত কমিক শিল্পী যিনি ২০১৩ সালে সাহিত্য একাডেমি পুরষ্কার এবং বঙ্গবিভুষণ পুরষ্কারে ভূষিত হন। ২০২১ সালে এসে তিনি পদ্মশ্রী পুরষ্কার পান।
২০২২ সালের ১৮ জানুয়ারিতে ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কমিক শিল্পী। পৃথিবীর মায়া তিনি ত্যাগ করেছেন ঠিকই তবে তার সৃষ্টির হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের মতন চরিত্রের মাঝে তো তিনি জীবন্তই থাকবেন।
১৯২৫ সালে হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণকারী এই কমিক স্রষ্টা বাংলায় রচিত কমিক জগতে আত্মপ্রকাশ করেন ১৯৬২ সালে হাঁদা ভোঁদা নামক কমিক এর মাধ্যমে, দেবসাহিত্য কুটিরের সম্পাদক মন্ডলীর উৎসাহে।
এটি প্রকাশ হওয়ার সাথে সাথেই যথেষ্ট সাড়া ফেলে দেয় এবং শুকতারা নামক ভারতীয় একটি ছোটদের জন্য পত্রিকা হতে প্রকাশিত হতে থাকে। এই কমিকের অঙ্কন উনি নিজেই করতেন, যা পরবর্তীতে গ্রে স্কেলে প্রকাশিত হয়। একটানা ৫৩ সপ্তাহ শুকতারা পত্রিকা হতে এই কমিক প্রকাশ হতে থাকে।
১৯৬৫ সালে তার প্রথম রঙিন কমিক বের হয় বাঁটুল দি গ্রেট। শোনা যায়, কলকাতার কলেজ স্ট্রিট থেকে ফিরতে ফিরতে কল্পনায় বাঁটুলের চরিত্রটি নিয়ে ভেবে ফেলেন এবং তৎক্ষণাৎ তার প্রতিকৃতি তৈরি করে ফেলেন। ভারতীয় সুপারহিরো কমিক বাঁটুল দি গ্রেট প্রথমদিকে সেরকম সাড়া না ফেললেও বর্তমান সময়ে যে এটি আসলেও দি গ্রেট হিসেবে রয়ে গেছে তা বোধহয় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তাঁর এই দুটো লেখা ছাড়াও অন্যতম আরো একটি কমিক সিরিজ ও কমিকের চরিত্র রয়েছে তা হচ্ছে নন্টে ফন্টে, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
২০১১ সালে প্রথম দিকের সকল বিরল সৃষ্টিগুলো নিয়ে নারায়ণ দেবনাথ সমগ্র ১ ও ২ হিসেবে প্রকাশ করে লালমাটি প্রকাশন। ২০১২ সালে প্রথমবারের মতো তার জনপ্রিয় সৃষ্টি বাঁটুল দি গ্রেটের ইংরেজি অনুবাদ করা হয়।
তার লেখাগুলোর বয়স ৫০ পেরিয়েছে। গত সাত দশকেরও বেশি সময় ধরে প্রায় দেড় হাজারেরও বেশি কমিকসের সৃষ্টি করে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন তিনি।
একের পর এক লেখা দিয়ে সবসময় জয় করে রেখেছেন শিশু-কিশোরদের মন। তবে শুধু শিশু-কিশোরেরাই কি ভক্ত তার কাজের? তার কমিকসের জাদু মাতিয়ে রেখেছে এবং রাখছে সব বয়সের পাঠকদেরই।
শুধু হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে বা বাঁটুল দি গ্রেট নয়, এগুলো ছাড়াও তার সৃষ্টিতে রয়েছে আরো অনেক কমিক এবং কমিক চরিত্র- বাহাদুর বেড়াল, গোয়েন্দা স্ট্রিপ, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ, গোয়েন্দা কৌশিক রায়, ডানপিটে খাঁদু ও তার কেমিক্যাল দাদু সহ আরো অনেক।
বাংলা কমিক জগতের এই কিংবদন্তীর জন্য থাকবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। নন্টে ফন্টে আর বাঁটুল দি গ্রেটে দুষ্টু মিষ্টি এডভেঞ্চারের মাঝে তিনি চিরকাল ছুটে বেড়ানে পাঠক আর দর্শকের হৃদয়ে।
আসিফ ইসলাম রাফি বর্তমানে বিডিইএমআর সলিউশন কর্পে কর্মরত।
rafibd587@gmail.com