নাগরিক জীবনে কী সকালে কী সন্ধ্যায়, কী রৌদ্র ঝলমলে দুপুরে কী বৃষ্টিস্নাত বিকেলে, শ্রান্ত দেহকে চনমনে করে তোলে এক মগ কফি। দেশে দেশে সেই কফির যে কত ধরণ আছে তা এক বিস্ময়। একেক ধরনের কফি বানাতে একেক কায়দা মেনে চলতে হয়। চলুন একবার নজর বুলাই।
এসপ্রেসো
এসপ্রেসো তৈরির জন্য উচ্চচাপে ভালোভাবে গুঁড়ো করা কফি বিন ফুটন্ত পানিতে মেশাতে হয়। তারপর একটি ছোট পাত্রে স্থানান্তর করতে হয়। শুনতে বা পড়তে খুব সহজ মনে হলেও এটি বানানো একটু কঠিনই বটে। কফি বিন গুঁড়ো করার কৌশলের ওপরই মূলত আপনার এসপ্রেসোর ঠিকঠাক এসপ্রেসো হয়ে ওঠাটা নির্ভর করছে। সবাই আবার এসপ্রেসো পছন্দ করেনা, নির্দিষ্ট ধরনের স্বাদ নিতেই এসপ্রেসো পান করা হয়। এক্ষেত্রে কফির ঘ্রাণটা খুব কড়া হয়, তাই মৃদু স্বাদপ্রেমীরা এ থেকে দূরে থাকেন।
ক্যাপাচিনো
এটি বোধহয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কফি। এতে তিনটি স্তর থাকে, মোটামুটি কেকের মতো। প্রথম স্তরে থাকে এসপ্রেসো শট, তারপরের স্তরে ফোটানো দুধ এবং শেষমেশ তৃতীয় স্তরটিতে থাকে ফেনিল দুধের স্তর। কেউ কেউ আবার শেষ স্তরটিতে চকলেট পাউডার বা সিরাপ দিয়ে এতে চকলেটের স্বাদ যোগ করতেও ভালোবাসেন। এই কফিটি ইতালিয়ানরা ঐতিহ্যগত ভাবেই সকালের নাশতায় পান করে থাকে।
ইতিহাস থেকে জানা যায়, ক্যাপাচিনো শব্দটি কাপুচিন রাজতন্ত্র থেকে এসেছে। ১৮৬৩ সালে ভিয়েনার যুদ্ধে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে এ কফির সন্ধান মেলে বলেও বিশ্বাস করা হয়। ইউরোপিয়দের স্বাদের জন্য এই কফি অনেক বেশি কড়া ছিল বলে তারা এতে ক্রিম ও মধু মিশিয়ে পান করে। বৌদ্ধ ভিক্ষু ও ইউরোপিয় স্বাদের মিশ্রণে আজকের ক্যাপাচিনো বিবর্তিত হয়েছে।
লাট্যে
এও কফি প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি বিকল্প। এতে দুধের পরিমাণ বেশি থাকে। ফোটানো দুধ ও একশট কফির মিশেলে তৈরি হয় লাট্যে। লাট্যের উপাদানগুলোকে এভাবে ভাগ করা যায়- এক তৃতীয়াংশ এসপ্রেসো, দুই তৃতীয়াংশ গরম দুধ এবং এক সেন্টিমিটার ফোম। কফি যিনি তৈরি করেন, তার দক্ষতার ওপরই ফোমের বিষয়টি নির্ভর করে। অনেকেই এই ফোমের ওপর বিভিন্ন ধরনের ছবি আঁকেন, যা কফিপ্রেমীদের কাছে অন্যরকম আবেদন সৃষ্টি করে। এটি ইতালি থেকে আগত একটি পানীয়।
মোকাচিনো বা মোকা
এটি মূলত চকলেটের স্বাদ যুক্ত লাট্যে। লাট্যের সাথে চকলেট পাউডার বা সিরাপ মিশিয়ে এটি তৈরি করা হয়, কখনো কখনো হুইপড ক্রিমের একটি স্তর দেয়া হয় সবার ওপরে। ছোটদের হটচকলেট আর বড়দের মোকাচিনো একই ঘরানার পানীয় বলে ধরা হয়। চকলেট ও কফি – দুটোই যারা ভালোবাসেন, তাদের জন্য পছন্দের পানীয় হতে পারে এই মোকা কিংবা মোকাচিনো। কড়া স্বাদের কফি যাদের প্রিয়, তারা আবার একে কফির কূলে কূলহীন বলেই অভিহিত করতে চান।
ক্যাফে আমেরিকানো
এ ধরনের কফি একশট এসপ্রেসো এবং ফুটন্ত গরম পানি দিয়ে তৈরি করা যায়। ক্যাফে আমেরিকানোর সাথে আবার ঐতিহাসিক ব্যাপার-স্যাপার ও জড়িয়ে আছে। বলা হয় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা এ ধরনের কফি বানাতো এর দীর্ঘস্থায়িত্বের জন্য। এরপরই হয়তো আমেরিকান বারিস্তাদের দ্বারা কফির এ ধরনটি গ্রহণ করা হয়েছে। প্রথমে ইটালিয়ান এসপ্রেসোর কড়া স্বাদ আমেরিকান সৈন্যদের প্রিয় ছিলনা, তাই তারা একে কিছুটা মৃদু স্বাদের করে নিয়ে নিজেদের মতো তৈরি করে। সে থেকে এর নামের সাথে ‘আমেরিকানো’ জুড়ে যায়।
মূল আমরিকানোতে কোনো দুধ যোগ করা হয়না, তবে বর্তমানে অনেক মিশ্রণের সংস্কৃতি বিদ্যমান। অনেকেই এখন আমেরিকানোতে নিজের স্বাদ অনুযায়ী দুধও যোগ করে নেন। তবে বলা হয়, দুধ বা দুধজাত কোনো উপাদান মিশিয়ে আমেরিকানোর নিজস্ব স্বাদ কখনোই পাওয়া যাবেনা।
এই পাঁচ ধরনের বাইরেও বহু নতুন নতুন স্বাদ ও মিশ্রণের কফি রয়েছে, তবে এই পাঁচটিকেই প্রধান ধরনের মধ্যে ফেলা যায়। নিজস্ব স্বাদ-গন্ধ এবং তৈরির পদ্ধতিতে এই পাঁচটি কফি এখনো স্বতন্ত্র জায়গা ধরে রেখেছে কফিপ্রেমীদের জীবনে।
