কত টাকা বিনিয়োগ করে তারেক বিদেশি নাগরিকত্ব পেয়েছেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের


FE Team | Published: June 05, 2022 20:35:52 | Updated: June 06, 2022 12:13:42


কত টাকা বিনিয়োগ করে তারেক বিদেশি নাগরিকত্ব পেয়েছেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই সঙ্গে লন্ডনে বসবাসকারী তারেক রহমান কত টাকা বিনিয়োগ করে বিদেশি নাগরিকত্ব পেয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওবায়দুল কাদের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশি নাগরিক হয়ে কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাই।

"বিএনপি নেতারা অর্থপাচারের কথা বলে ধান ভানতে শিবের গীত গেয়ে চলেছেন। তারেক রহমানের মত একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কত টাকা বিনিয়োগ করলে বিদেশি নাগরিকত্ব পায়? তারেক রহমানের বিনিয়োগ করা টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমেই বিদেশে পাচার করেছে।"

বিএনপি নেতাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, "জিয়াউর রহমান হ্যাঁ না ভোটের মাধ্যমে কোন গণতন্ত্র রক্ষা করেছিলেন? সেসময় জিয়াউর রহমানের সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, ১৯৭৭ সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন, ৭৯ সালে সংসদ নির্বাচন, ৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনসহ প্রতিটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ।

"মাগুরার নির্বাচনের কথা জনগণ এখনও ভুলে যায়নি। বেগম জিয়ার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন, ২০০৬ সালে ১ কোটি ২৩ লক্ষ ভুয়া ভোটারসহ নির্বাচনের প্রচেষ্টা কোন গণতন্ত্র?"

ওবায়দুল কাদের বলেন, "নির্বাচনকালে বিএনপি কর্তৃক সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা, প্রতিপক্ষ নেতাকর্মীদের হত্যা, ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া কি বিএনপির গণতান্ত্রের নমুনা?

তাদের শাসনামলে এসব ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি এদেশের ইতিহাসে যে ঘৃণ্য নজির সৃষ্টি করেছে দেশের মানুষ তা এখনও ভুলে যায়নি।

"বিএনপির শেখানো তথাকথিত গণতন্ত্রের পথে এদেশের মানুষ আর হাঁটতে চায় না। যাদের শাসনামলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্ক তিলক পরেছিল এবং দলের গঠনতন্ত্র থেকে যে দল দুর্নীতিবিরোধী সাত ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলে বিচরণের পথ উন্মুক্ত করে তারাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল, তারাই দুর্নীতির পৃষ্ঠপোষক।"

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব আমিন উল্লাহ নুরী মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Share if you like