Loading...

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল মৃত তিমি

| Updated: August 28, 2021 18:41:43


কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল মৃত তিমি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্র সৈকতে মৃত তিমিটি ভেসে আসে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে দুইটি মৃত তিমি ভেসে এসেছিল।

পারভেজ বলেন, স্থানীয়দের কাছে একটি অর্ধগলিত মৃত তিমি ভেসে আসার খবরে রাতেই প্রশাসন, বনবিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

“২৬ ফুট দৈর্ঘ্যের তিমিটির শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ারের সময় তিমিটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে।"

রাতেই উপজেলা মৎস্য বিভাগ এবং বনবিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। এরপর সৈকতের অদূরে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

টেকনাফ উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শওকত আলী বলেন, তিমিটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

Share if you like

Filter By Topic