Loading...

কক্সবাজারে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: প্রধান আসামি আশিক গ্রেপ্তার

| Updated: December 28, 2021 18:24:37


গ্রেপ্তার মো. আশিক গ্রেপ্তার মো. আশিক

কক্সবাজার শহরে এক স্কুলছাত্রীকে ‘দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের’ মামলার প্রধান সন্দেহভাজন মো. আশিককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২৭ বছর বয়সী আশিক কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের দুটি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. কামরুল এবং ‘ধর্ষণের’ ঘটনাস্থল মমস গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে পুলিশ গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা গত ১৮ ডিসেম্বর পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনসহ আসামি করে মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, আশিকসহ ৩/৪ জন যুবক গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে ‘জোর করে গাড়িতে তুলে’ নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে মমস গেস্ট হাউজে নিয়ে ‘দুদিন আটকে রেখে ধর্ষণ’ করে।

মামলা করার পর আসামিরা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেছিলেন বাদী। এ নিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

র‍্যাব কর্মকর্তা খাইরুল বলেন, “আসামিদের গ্রেপ্তারে র‍্যাব অভিযান অব্যাহত ছিল। সোমবার রাতে মামলার প্রধান আসামি চট্টগ্রাম জেলার আনোয়ারায় আত্মগোপন করে করছে খবর পেয়ে র‍্যাব একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।

তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাব কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক।

Share if you like

Filter By Topic