কক্সবাজারের শিবিরে মাঝ রাতে গোলাগুলি, রোহিঙ্গার মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: June 16, 2022 13:56:33 | Updated: June 16, 2022 19:08:55


ছবি: রয়টার্স

কক্সবাজারের উখিয়া উপজেলায় 'আধিপত্য বিস্তারকে' কেন্দ্র করে শরণার্থী শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার রাত ১২টায় উপজেলার কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্প এবং ক্যাম্প-৬ এর মাঝামাঝি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে ১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

নিহত মো. সলিমুল্লাহ (৩০) কুতুপালং ২ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৩/২ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে।

শিবিরের বাসিন্দাদের বরাতে নাইমুল বলেন, বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির সময় সলিমুল্লাহর গায়ে গুলি লাগে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টায় তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কারা এর সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এপিবিএন বিষয়টি জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Share if you like