ওয়েস্ট ইন্ডিজ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা


এফই অনলাইন ডেস্ক   | Published: July 10, 2022 18:35:01 | Updated: July 12, 2022 11:39:54


ওয়েস্ট ইন্ডিজ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা

দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। এবারও বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেটাররা ঈদ উদযাপন করলেন ওয়েস্ট ইন্ডিজে। দল এখন গায়ানায়। সেখানে ঈদ ছিল শনিবার। দলের অনুশীলনও ছিল এ দিন, তবে তা বিঘ্নিত হয় বৃষ্টিতে। বাংলাদেশে ঈদের দিন রোববার সন্ধ্যায় গায়ানায় খেলতে নামবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন ক্রিকেটাররা। রাতে ছিল টিম ডিনার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিজেরা দেশের বাইরে পরিবার ছাড়া ঈদ করলেও দেশে সবাই যেন পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, এই প্রত্যাশা করেন ক্রিকেটাররা। বিসিবির ভিডিও বার্তায় অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ বললেন ঈদের খুশি পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে।

সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদের সময় কাটান এবং ঈদের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগাভাগি করি।

পরিবার নিয়ে সবাই ঈদ উদযাপন করুক, এই প্রত্যাশা তরুণ পেসার শরিফুল ইসলামের।

সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।

একই ধরনের প্রত্যাশা শোনা গেল অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কণ্ঠে।

সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে।

Share if you like