ওয়ার্ড বয়ের চাকরি ছেড়ে স্মায়ুরোগ বিশেষজ্ঞ সেজেছেন তিনি, ভিজিট ৫০০ টাকা


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 06, 2021 20:23:40 | Updated: July 07, 2021 15:33:45


খোরশেদ আলম

অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর কাজ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে। সেই চাকরি ছেড়ে ডাক্তার সেজে খুলেছেন চেম্বার; নামের পাশে লাগিয়েছেন চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন ডিগ্রি।

মুহাম্মদ খোরশেদ আলম (৪২) নামে এই ব্যক্তি আকবর শাহ থানার কর্নেল জোন্স রোডের একটি ফার্মেসিতে নিউরোমেডিসিন, স্মায়ুরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে ৫০০ টাকা ভিজিট নিয়ে নিয়মিত রোগী দেখতেন ।

মঙ্গলবার দুপুরে পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি জানিয়েছেন, তার সব ডিগ্রি ভুয়া। তিনি মাধ্যমিক পাসও করতে পারেননি। গ্রেপ্তার করেছে পুলিশ।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, খোরশেদ তার নামের সাথে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি ও নিউরোমেডিসিন, স্মায়ুরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ যুক্ত করেছেন।

কর্নেল জোন্স রোডে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে বসে রোগীদের কাছ থেকে ৫০০ টাকা ভিজিটও নিতেন।

তার চেম্বার থেকে সিলমোহর, ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন, চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

ওসি জহির বলেন, এর আগে ২০১৭ সালে মাগুরা সদরে এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে এক বছর ও ছয় মাস করে সাজা পেয়েছিলেন খোরশেদ। চট্টগ্রামে এসে আবার প্রতারণা শুরু করেছে।

খোরশেদের বিরুদ্ধে জালিয়াতি ও ছদ্মবেশ ধারণের অভিযোগে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Share if you like