ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা


FE Team | Published: November 27, 2021 17:54:40 | Updated: November 28, 2021 17:22:56


ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা

করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী দলের জন্য। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।

এক বিবৃতি দিয়ে শনিবার জিম্বাবুয়েতে চলমান বাছাইয়ের টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেয় আইসিসি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাতিলের পরপরই এলো এই সিদ্ধান্ত।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বাংলাদেশ এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়। এবার অবশ্য বেশ ভালো ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে তাদের জন্য দুয়ারটি সরাসরি খুলে দিল কোভিড-১৯।


জিম্বাবুয়ের বাছাইপর্ব থেকে তিন দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। এখন পুরো প্রতিযোগিতাই বাতিল হয়ে যাওয়ায় এই তিন দল র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন করেছে আইসিসি।

স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে আগেই মূল প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও থাকছে শিরোপার লড়াইয়ে।

Share if you like