Loading...

ওভেন ছাড়াই বেকিং


ওভেন ছাড়াই বেকিং। ওভেন ছাড়াই বেকিং।

পছন্দের বেকারির খাবারগুলো মানিয়ে যায় সকালের নাস্তা, বিকালের স্ন্যাকস কিংবা কোনো বিশেষ দিবস উদযাপনেও। ভাবতেই চোখের সামনে যা ভেসে উঠে সেগুলো হলো কেক, ব্রাউনি, কুকিজ, ব্রেড, পিৎজা সহ মজাদার কিছু খাবার।

ঘরের পাশে বেকারি থেকেই এসব খাবার কিনে অভ্যস্ত মানুষ। তবে আজকাল অনেকেই বাইরের খাবার পরিহার করে বাসায় বানিয়ে খেতে স্বচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু বেকিংয়ের জন্য প্রয়োজন ওভেন, তা যে সব বাসাবাড়িতে নেই। তাহলে উপায় কী?

 

উপায় - ১

কেক, ব্রেড বা কুকিজ এগুলো ওভেন ছাড়াই বাসা-বাড়ির গ্যাসের চুলাতে বানানো সম্ভব। প্রথমে এগুলো বানানোর জন্যে প্রয়োজনীয় উপকরণ যেমন ময়দা, ডিম, দুধ, চিনি, বেকিং পাউডার এবং অন্যান্য উপকরণ দিয়ে ডো বা খামিরের মিশ্রনটি তৈরি করে ফেলতে হবে।

এরপর কেক বা ব্রেড এর ক্ষেত্রে তা কোনো মোল্ডে এবং কুকিজ হলে তা একটি স্টিলের প্লেটে অল্প ঘি বা বাটার মাখিয়ে ইচ্ছামতো আকৃতি বানিয়ে নিতে হবে।

এবার একটি বড় হাড়ি বা ঢাকনাওয়ালা প্যানকে পাঁচ মিনিট চুলায় প্রি-হিট করে নিতে হবে। এরপর সেই হাড়ি বা প্যানের তলানিতে একটি কাগজ রেখে তার উপরে স্টিলের স্ট্যান্ড বসাতে হবে এবং স্ট্যান্ডের উপরে সেই মোল্ড বক্স বা প্লেটটিকে রেখে ঢাকনা লাগিয়ে দিতে হবে যাতে বাতাস আসা যাওয়া করতে না পারে।

এভাবে অল্প আঁচে ৩৫-৪০ মিনিট রাখলেই কেক, ব্রেড বা কুকিজ প্রস্তুত হয়ে যাবে।

উপায় - ২

গ্যাসের চুলায় কেক বানানোর আরেকটি পদ্ধতি আছে। পূর্বের পদ্ধতির সাথে এর ব্যতিক্রম হলো এক্ষেত্রে একটি হাড়িতে বালি গরম করতে দেয়া হয় আর সেই গরম বালির উপরে মিশ্রণ সহ কেকের মোল্ড বক্সটিকে রাখতে হয়।

খেয়াল রাখতে হবে যে মোল্ড বক্সটিতে যেন বাতাস ঢুকতে বা বেরোতে না পারে। এভাবে অল্প আঁচে ৪০ মিনিট রাখলেই কেকটি হয়ে যাবে।

উপায় - ৩

এই পদ্ধতিকে স্টিমিং বলা যেতে পারে কেননা এক্ষেত্রে পানির গরম ভাপকে কাজে লাগানো হয়। পুডিং তৈরিতে এটি সর্বাধিক কার্যকর।

পুডিং বানাতে আগেই প্রয়োজনীয় উপকরণ দিয়ে মিশ্রণটি তৈরি করে ফেলতে হবে এবং মাপমতো পাত্রে নিতে হবে। এবার হাড়িতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেই উচ্চতায় পানি ফুটাতে হবে। পানি ফুটতে শুরু করলে পুডিংয়ের পাত্রটি স্ট্যান্ডের উপর বসাতে হবে।

এরপর হাড়িটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে বায়ু চলাচল করতে না পারে। এভাবে প্রায় ৪০-৪৫ মিনিট পরেই পুডিং তৈরি হয়ে যাবে।

উপায় - ৪

ওভেন ছাড়া বানানো যায় পিৎজাও। ভাবছেন কীভাবে সম্ভব?

পিৎজার খামির প্রস্তুত হয়ে গেলে একটি প্যানে (নন স্টিক) সামান্য তেল দিয়ে খামিরটি বসিয়ে দিন। এবার টপিং হিসেবে পিৎজা সস, চিজ বা পনির, ক্যাপসিকাম বা পছন্দমতো যেকোনো টপিং দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।

দশ মিনিট পর প্যানটিকে চুলায় পাঁচ মিনিটের জন্যে উচ্চ আঁচে রাখতে হবে এবং এরপর আরো ১৫-২০ মিনিটের জন্যে মাঝারি আঁচে রাখতে হবে। এর মাঝেই পিৎজাটি তৈরি হয়ে যাবে। পিৎজা হয়েছে কিনা বোঝার সহজ উপায় হলো ওপরে পনিরগুলো গলে যাওয়া।

 

খাদিজাতুল কোবরা বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে অধ্যয়নরত।

khadizatulkobra333@gmail.com

Share if you like

Filter By Topic