যার উপর ভিত্তি করে করোনাভাইরাসের টিকা তৈরি হয়েছে, সেই এমআরএনএ প্রযুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ, যার ফলে দেশে টিকা তৈরির স্বপ্ন আরও নিকটবর্তী হল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বুধবার দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় জৈবপ্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছে, তাতে প্রথম জৈবপ্রযুক্তি কেন্দ্র থেকে বাংলাদেশকেও সহায়তা প্রাপ্তদের তালিকায় রাখার কথা জানানো হয়েছে।
বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি দক্ষিণ আফ্রিকায়। এর মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে টিকা, ইনসুলিন, ক্লোন অ্যান্টিবডি তৈরি ও ক্যান্সারের চিকিৎসায় সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও সার্বিয়াকেও দক্ষিণ আফ্রিকার ওই কেন্দ্র থেকে সহায়তা পাওয়ার জন্য নির্বাচিত করেছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও বলছে, এই দেশগুলোর এই প্রযুক্তি কাজে লাগাতে পারার সামর্থ্য রয়েছে বলে গবেষক ও বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
এর আগে আর্জেন্টিনা ও ব্রাজিল দক্ষিণ আফ্রিকার এই কেন্দ্র থেকে প্রযুক্তি পাওয়ার সুযোগ পায়। দেশটির কোম্পানিগুলো এরই মধ্যে এখান থেকে প্রশিক্ষণও নিয়েছে।