Loading...
The Financial Express

এটা গরিবের বাজেট: কাদের

| Updated: June 10, 2022 14:27:31


এটা গরিবের বাজেট: কাদের

নতুন অর্থবছরের বাজেটকে ‘গরিবের বাজেট’ বলার পাশাপাশি ‘ব্যবসাবান্ধব’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কাদের বলেন, “সব দিক বিচার বিশ্লেষণ করে, এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্তসহ সবাইকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট।”

তিনি বলেন, “এ বাজেটে স্ট্যাবিলিটির নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটি নেটের নিশ্চয়তা আছে, সেফটির নেট আগের চেয়েও ৭ হাজার কেটি টাকা বেড়েছে।

“সব দিক থেকে আজকে দেখুন এই অবস্থাতেও..., গতবার ছিল যে বাজেট তিন হাজার কোটি টাকা, এবার সেখানে আরও সাত হাজার কোটি টাকা, আরও বাড়ানো হয়েছে।”

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার যে ব্যয়ের ফর্দ তৈরি করেছেন, তার স্লোগান ঠিক করেছেন- ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

কাদের বলেন, “এই বাজেট হচ্ছে কোভিড সঙ্কট পরবর্তী বাংলাদেশে, এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বাজেট।”

সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাজেট নিয়ে বলেন, “মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেকে সুরক্ষা দেওয়ার জন্য এই বাজেট হয়েছে। এবার বাজেটে অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করার জন্য এই বাজেট দেওয়া হয়েছে।”

করোনাভাইরাস মহামারী, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর বেশিরভাগ দেশে জিনিসপত্রের দাম বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, “সেই ক্ষেত্রে এই যুদ্ধ কত দিন চলবে এবং বিশ্ব যে মন্দা সেটা কত দিন প্রলম্বিত হবে সেটা আমরা জানি না। সেজন্যে অভ্যান্তরীণ উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে।

“সোশাল সেফটি নেট সেটা বাড়ানো হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায় এবং এটি গরিববান্ধব বাজেট।”

বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic