Loading...

এক সপ্তাহে নতুন করোনা রোগী কমেছে ৫২শতাংশ

| Updated: March 15, 2022 15:50:31


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট পেরিয়ে এসে দেশে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৫২ শতাংশ কমে এসেছে, এই সময়ে মৃত্যু কমেছে ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজার নমুনা পরীক্ষা করে ২৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১ হাজার ৯২২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে কোভিড শনাক্ত হয়েছে ২ হাজার ২২০ জনের। এর আগে সপ্তাহে এই সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬ জন। অর্থাৎ এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫১ দশমিক ৬ শতাংশ।

গত সাত দিনে ২৬জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের সপ্তাহে মৃত্যু হয়েছিল ৫২ জনের। সে হিসাবে এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ কমেছে।

বাংলাদেশে মহামারীর শুরু হয়েছিল ২০১৯ সালে। করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপট পেরিয়ে এসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুইশর ঘরে নেমে এসেছিল গত বছরের শেষ দিকে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত। ২৮ জানুয়ারি তা ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ফেব্রুয়ারি থেকে আবার তা কমতে শুরু করে।

গত এক দিনে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার ১ দশমিক ৮৮ শতাংশ ছিল।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ২০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৩ শতাংশের বেশি। রংপুর বিভাগের আট জেলায় শনিবারের মত রোববারও নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

যে একজনের মৃত্যু হয়েছে একজন পুরুষ এবং তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। মৃত ব্যক্তির বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৫ কোটি ৬৯ লাখের বেশি।

Share if you like

Filter By Topic