দেশে ফের সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাড়ে ছয়শ ছাড়িয়ে গেছে, নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার ৩ শতাংশ ছাড়িয়েছে তিন মাস পর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৭৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
সর্বশেষ এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল গত ৬ অক্টোবর, সেদিন ৭০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে। গত একদিনে আরও চার জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮১ জন।
রোববার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ; সোমবার তা বেড়ে ৩ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।
এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২ অক্টোবর; সেদিন প্রতি ১০০ পরীক্ষায় ৩ দশমিক ৪১ জনের কোভিড পজিটিভ এসেছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এরপর এত দিন ধরে শনাক্তের হার তিন শতাংশের নিচেই ছিল। এক সময় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই শতাংশের নিচে নেমে গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৪ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
