Loading...

এক দিনে করোনা শনাক্ত বেড়ে চারশর বেশি

| Updated: October 19, 2021 19:39:36


এক দিনে করোনা শনাক্ত বেড়ে চারশর বেশি

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর আবার চারশ ছাড়িয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগের দিন সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছিল, আর ৩৩৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

পাঁচ মাস পর গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে নেমে এসেছিল। পরদিন তা তিনশরও নিচে নেমে আসে।এরপর রবি ও সোমবার যথাক্রমে ৩১৪ এবং ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। মঙ্গলবার তা আবার চারশ ছাড়াল।   

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৬৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৭২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৯ শতাংশ। আর যে ৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৯ লাখ ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ১১ লাখের বেশি রোগী।

Share if you like

Filter By Topic