Loading...
The Financial Express

এক দিনে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

| Updated: September 29, 2021 18:36:29


ফাইল ছবি ফাইল ছবি

দুই দিনের ব্যবধানে আবার হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে দেশে, এক দিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২১২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২৫ জনের।

নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৩৯ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মে মাসের পর শনিবার প্রথমবারের মত শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে এসেছিল। আর রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৯৮০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল। এক দিনে মৃত্যু হয়েছিল ২১ জনের, যা ২৬ মের পর সবচেয়ে কম। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা- দুটোই বেড়েছে।

গত এক দিনে সারা দেশে পৌনে ২৮ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৪১ শতাংশ ছিল।

দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত মঙ্গলবার ৫ শতাংশের নিচে নেমে আসে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৯২০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। যে ২৫ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৯ জনই ছিলেন ঢাকা বিভাগের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৮ লাখের বেশি রোগী।

Share if you like

Filter By Topic