সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ‘গণ অসন্তোষে উসকানি’ আর ‘কোভিডবিধি ভাঙার’ অভিযোগে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সোমবার দেশটির একটি আদালত এ রায় দেন বলে বিচারিক কার্যক্রমের বিষয়ে জ্ঞাত একটি পক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পরিচয় না প্রকাশ করার শর্তে তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও একই সাজা দেওয়া হয়েছে।
১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেদিনই সু চি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে কারাবন্দি করা হয়।
তারপর নোবেল শান্তি পুরস্কার জয়ী এই গণতন্ত্রপন্থি নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ প্রায় এক ডজন মামলা হয়েছে। সেসব মামলার বিচারের প্রথম রায় এটি। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে এ নেত্রীর সর্বোচ্চ ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
