Loading...

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হল রওশনকে

| Updated: November 06, 2021 16:58:25


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

ফুসফুসের জটিলতা নিয়ে প্রায় তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হল।

তার একান্ত সচিব মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়।

ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদও বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদ যাত্রার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের চিকিৎসা হবে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

ফুসফুসের জটিলতায় আক্রান্ত রওশনকে গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন।

গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

প্রথম দফায় কেবিনে স্থানান্তরের পর বিরোধী দলীয় নেতাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়েছিল। এছাড়া ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছিল। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়।

গত ২৮ আগাস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, চিকিৎসক মত দিলে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশনকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। টানা দ্বিতীয় মেয়াদে তিনি সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বে রয়েছেন।

Share if you like

Filter By Topic