উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিয়ের আসরে সংঘর্ষ, নিহত ১
এফই অনলাইন ডেস্ক |
Published:
December 05, 2021 13:22:28
| Updated:
December 05, 2021 16:35:35
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিয়ের আসরে সংঘর্ষের ঘটনায় একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও আটজন।
শনিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এ ঘটনা ঘটে বলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান জানান।
নিহত মোহাম্মদ বেলাল (৪০) ওই ক্যাম্পের আবু বক্করের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আহতরা হলেন- মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)। তারা সবাই ওই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
এপিবিএন কর্মকর্তা শিহাব কায়সার জানান, আহত ইউনুসের ছেলের সঙ্গে আব্দুর রহমানের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি ছিল না।
এর মধ্যে মেয়েটি ৫ দিন আগে তার প্রেমিকের ঘরে গিয়ে হাজির হয়। শনিবার রাতে সেখানে তাদের বিয়ের আয়োজন করা হয়।
“এ ঘটনায় মেয়ের পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। রাত ১০টার দিকে তারা বিয়ের অনুষ্ঠানে ছেলের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়, মারামারিতে দুই পক্ষের ৯ জন আহত হয়।”
আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে চারজনকে পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় কনের ভাই হারেসুর রহমান এবং চাচাতো ভাই আনোয়ার সাদেককে পুলিশ আটক করেছে বলে পুলিশ সুপার শিহাব কায়সার জানিয়েছেন।