উখিয়ায় একটি রোহিঙ্গা শিবিরে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট


FE Team | Published: January 09, 2022 19:18:26 | Updated: January 10, 2022 15:14:24


উখিয়ায় একটি রোহিঙ্গা শিবিরে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট

আগুন লেগেছে কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোববার সন্ধ্যায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল কাজ শুরু করেছে।

সন্ধ্যা সাড়ে ৫টায় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, আগুনের সূত্রপাত হওয়ার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে উখিয়া স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও দুটি ইউনিট যোগ দেয়। এখন মোট চারটি ইউনিট কাজ করছে।

এছাড়া জেলার অন্যান্য ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠানো হয়েছে বলেও জানান সামছু-দৌজা নয়ন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের ২৩ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন মারা গিয়েছিল। সেই আগুনে ক্যাম্পের ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Share if you like