ঈদুল আযহার তারিখ নির্ধারণ করতে চাঁদ দেখা কমিটির সভা রোববার সন্ধ্যায়


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 10, 2021 18:04:57 | Updated: July 10, 2021 19:22:13


ঈদুল আযহার তারিখ নির্ধারণ করতে চাঁদ দেখা কমিটির সভা রোববার সন্ধ্যায়

বাংলাদেশে ঈদুল আযহা কবে উদযাপিত হবে তা জানা যাবে রোববার। জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আযহার তারিখ নির্ধারণ করবে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।

রোববার চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে ২১ জুলাই (১০ জিলহজ) ঈদুল আযহা উদযাপিত হবে।

চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। তখন ঈদ উদযাপিত হবে ২২ জুলাই।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) জানানো যাবে।

Share if you like