ঈদযাত্রার পথে পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়


এফই অনলাইন ডেস্ক | Published: July 09, 2022 13:44:34 | Updated: July 10, 2022 09:31:37


ফোকাস বাংলা ফাইল ছবি

ঈদের ছুটির প্রথম দিন পদ্মা সেতু দিয়ে রেকর্ড ৩১ হাজার ৭২৩টি যানবাহন পার হয়েছে, তাতে টোল থেকে আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে এই টোল আদায় হয়। গত ২৬ জুন এ সেতুতে যান চলাচল শুরুর পর এটাই এক দিনে আদায় হওয়া সর্বোচ্চ টোল।

এই সময়ে সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি দক্ষিণের বিভিন্ন জেলার উদ্দেশ্যে গেছে, সেসব বাহন থেকে টোল মিলেছে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০টাকা।

আর জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা টোল দিয়ে দক্ষিণ জনপদ থেকে ঢাকার পথে গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নির্বাহী প্রকৌশলী বলেন, ঈদে মানুষ গ্রামে যাচ্ছে, ফলে ঢাকা ছাড়ার পথেই গাড়ির সংখ্যা বেশি থাকবে, সেটাই স্বাভাবিক।

পদ্মা সেতু চালুর পর প্রথম ১২ দিনে ২ লাখ ৪৫ হাজারের বেশি গাড়ি সেতু পারাপার হয়। এর আগের রেকর্ড ছিল জুলাই মাসের প্রথম দিন, সেদিন ২৪ ঘণ্টায় ৩ কোট ১৬ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

আর সেতুর প্রথম দিন ২৬ জুন মোট ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা টোল দিয়ে সেতু পার হয়েছিল ৫১ হাজার ৩১৬টি যানবাহন। এর একটি বড় অংশ ছিল মোটরসাইকেল। কিন্তু দুর্ঘটনায় দুই বাইকারের মৃত্যুর পর ২৭ জুন সকাল থেকে সেতুতে মোটরসাইকেল পরাপার বন্ধ রয়েছে।

Share if you like