Loading...
The Financial Express

ইয়াস: উত্তাল বঙ্গোপসাগরে ‘ডুবতে বসা’ জাহাজের ১২ নাবিক উদ্ধার

| Updated: May 27, 2021 18:30:26


ইয়াস: উত্তাল বঙ্গোপসাগরে ‘ডুবতে বসা’ জাহাজের ১২ নাবিক উদ্ধার

ঘূর্ণিঝড়ের ইয়াস এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের চরে আটকে গিয়ে ‘ডুবতে বসা’ একটি পাথরবোঝাই জাহাজের ১২ নাবিককে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বুধবার ভোর রাতের দিকে নোয়াখালীর ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরের চরে আটকে যায় এমভি সানভ্যালি নামের পাথরবোঝাই এই লাইটারেজ জাহাজ।

এক পর্যায়ে চরে আটকে থাকা জাহাজটির তলা ফেলে পানি ঢুকতে শুরু করে। তখন উদ্ধারের জন্য সহায়তা চাওয়া হয় বলে জানান বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির অধিনায়ক (অপারেশন উইং) গ্রুপ ক্যাপ্টেন মীর মাহমুদ হোসেন।

বুধবার দুপুরের দিকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে ১২ নাবিককে উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিয়ে আসে বলে তিনি জানান।

মীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালীর ভাসান চর থেকে ১০ নটিক্যাল মাইল অদূরে বঙ্গোপসাগরে চরে আটকে যায় পাথরবোঝাই জাহাজটি।

“ঘূর্নিঝড় ইয়াসের কারণে সাগর উত্তাল থাকায় নৌবাহিনীর পক্ষ থেকে নাবিকদের উদ্ধারের জন্য বুধবার বিমান বাহিনীকে জানানো হয়। তখন ঢাকার তেজগাঁও থেকে দুটি ‘এইউ-১৩৯’ মডেলের হেলিকপ্টার বিমানবাহিনীর ১০৯ সার্চ অ্যান্ড রেসকিউ টিমের কমান্ড্যান্ট গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে দড়ির মাধ্যমে ১২ নাবিককে উদ্ধার করে হেলিকপ্টারে তোলে।’’

তিনি জানান, নাবিকদের উদ্ধার করে জহুরুল হক ঘাঁটিতে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলের দিকে জাহাজ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share if you like

Filter By Topic