Loading...

ইয়েমেনে বাংলাদেশিসহ অপহৃত পাঁচ জনকে উদ্ধারে তৎপরতা চলছে, জানাল জাতিসংঘ

| Updated: February 16, 2022 10:33:11


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

জাতিসংঘ জানিয়েছে যে, ইয়েমেনে অপহৃত সংস্থাটির পাঁচজন কর্মীকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, গত শুক্রবার ইয়েমেন থেকে ৫ জন জাতিসংঘ কর্মীকে অপহরণের ঘটনা ঘটে, যার জন্য ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়েদা দায়ী বলে উল্লেখ করে অন্তত একটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম।

এদের মধ্যে চার জন ইয়েমেনি ও একজন বিদেশি বলে খবরাখবরে উল্লেখ করা হয়। খবর বিবিসি বাংলার।

পরিবারের সদস্যদের বরাতে ঢাকার গণমাধ্যম বলছে, ওই বিদেশি নাগরিক মূলত একজন বাংলাদেশি।

তার পরিচয়ও প্রকাশ করে বাংলাদেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকা। নাম উল্লেখসহ প্রকাশিত খবরে বলা হচ্ছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি দুদশক ধরে জাতিসংঘের সাথে যুক্ত।

তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

ইয়েমেনে জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, অপহৃতদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে সংস্থাটি।

ইয়েমেনে গত প্রায় ছয় বছর ধরে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সৌদি সমর্থিত জোটের সামরিক অভিযানের কারণে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এ অভিযান চালাচ্ছে তারা।

এ সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে কয়েক লাখ মানুষ, যা সেখানে চরম মানবেতর পরিস্থিতি তৈরি করেছে।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, অপহৃতদের উদ্ধারের বিষয়ে অগ্রগতি জানার জন্য সবাই জাতিসংঘের দিকেই তাকিয়ে আছে, যদিও অপহরণের খবরটি ঢাকার পররাষ্ট্র মন্ত্রনালয়ে এসেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাতিসংঘ অফিসের বিভিন্ন সূত্র জানিয়েছে, অপহৃত কর্মকর্তার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে জাতিসংঘের যোগাযোগ হয়েছে এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে তাদের আশ্বস্তও করা হয়েছে।

জানা গেছে অপহৃত ওই বাংলাদেশি ইয়েমেনে একাই থাকতেন। তার পরিবারের অন্য সদস্যরা বাংলাদেশে রয়েছেন।

কারা কীভাবে অপহরণ করেছে

খবরে বলা হচ্ছে, অপহৃত বাংলাদেশি ব্যক্তি প্রায় দু দশক আগে জাতিসংঘে যোগ দিয়েছিলেন। আর কিছুদিন পরেই তার অবসরে যাওয়ার কথা।

জাতিসংঘের ইয়েমেন কার্যালয় জানিয়েছে, একটি ফিল্ড মিশন শেষে অ্যাডেনে ফিরে আসছিলেন ওই বাংলাদেশিসহ পাঁচজন।

শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে পৌঁছালে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর অনুযায়ী, যাদের অপহরণ করা হয়েছে তাদের চারজন ইয়েমেনের নাগরিক।

তাদের অপহরণের জন্য প্রাথমিকভাবে ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়েদা জড়িত বলে পত্রিকাটি খবর দিচ্ছে।

তবে রয়টার্সসহ অন্যান্য কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে, অপহরণের জন্য ইয়েমেনের স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো দায়ী।

এসব দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির তরফ থেকেও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দক্ষিণ ইয়েমেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শনিবারই গণমাধ্যমকে জানিয়েছে যে, জাতিসংঘের নিরাপত্তা বিভাগ অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে।

ইয়েমেনে অপহরণের ঘটনা প্রায়শই ঘটে। সাধারণ মুক্তিপণ আদায় করে অনেককে ছেড়ে দেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো।

এ ধরণের গোষ্ঠীগুলোর মধ্যে আল-কায়েদা ও আইএস এর নামও শোনা যায়।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে গার্ডিয়ানের খবর বলছে, অপহৃতদের প্রথমে আবিয়ান প্রদেশে নিয়ে পরে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে অপহরণকারীরা।

তবে এসব কর্মকর্তাদের মুক্তির জন্য স্থানীয় উপজাতীয় নেতাদের মাধ্যমে অপহরণকারীদের দরকষাকষি চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

Share if you like

Filter By Topic