আসামে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশও কাঁপল


এফই ডেস্ক | Published: July 07, 2021 11:03:05 | Updated: July 07, 2021 16:08:41


আসামে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশও কাঁপল

বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের লখীপুরের ৭ দশমিক ৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ভুটান থেকেও এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব ২৪২ কিলোমিটার। তিনি নিজেও সে সময় কম্পন অনুভব করেছেন।

বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জেলায় সকালে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়। এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে মাঝারি, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে শক্তিশালী, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ভয়াবহ এবং মাত্রা ৮ এর বেশি হলে অত্যন্ত ভয়াবহ ভূমিকম্প বিবেচনা করা হয়।

Share if you like