আসছে মৃদু শৈত্যপ্রবাহ


এফই অনলাইন ডেস্ক | Published: December 13, 2021 08:57:00 | Updated: December 13, 2021 17:39:55


Representational image — Collected

বইছে উত্তুরে হাওয়া; কমছে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান। অবশেষে শীতের আমেজ শুরু হয়েছে রাজধানীসহ সর্বত্র।

উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। সোমবার থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রংপুর, শ্রীমঙ্গল, নেত্রকোণা, ঈশ্বরদী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে তেঁতুলিয়ায়। উত্তর পশ্চিম/উত্তর দিক থেকে বইছে হাওয়া।

সোমবার থেকে রাজশাহী, রংপুর, যশোর ও শ্রীমঙ্গল এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ধীরে ধীরে এর বিস্তার ঘটবে। চলতি সপ্তাহে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

ওমর ফারুক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। ২০ ডিসেম্বরের পর তাপমাত্রা একটু বাড়তে পারে। তাতে এক দফা শৈত্যপ্রবাহের রেশ কাটতে না কাটতে ফের শীতের প্রকোপ বাড়বে বিস্তীর্ণ এলাকায়।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

এ বছর নভেম্বরের মাঝামাঝি থেকে হিম হিম ভাব বাড়ছিল। তবে ডিসেম্বরে সাগরে ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে সামান্য বিলম্বিত হয়েছে শীত। বাংলাদেশে শীতের প্রকোপ বেশি থাকে জানুয়ারি মাসে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Share if you like