Loading...
The Financial Express

আসছে বর্ষা, জুনে স্বল্পমেয়াদী বন্যার আভাস

| Updated: June 03, 2022 19:21:05


আসছে বর্ষা, জুনে স্বল্পমেয়াদী বন্যার আভাস

ভারি বর্ষণে চলতি জুন মাসে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; সেই সঙ্গে কোথাও কোথাও দেখা দিতে পারে মৃদু তাপপ্রবাহ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বৃহস্পতিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানান, মাসের প্রথম দশ দিনে সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিস্তার ঘটতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহও বয়ে যেতে পারে এ মাসে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া জানান, আগামী ২ সপ্তাহে গঙ্গা-পদ্মা ও বহ্মপুত্র-যমুনা অববাহিকায় পানি বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই। তবে মেঘনার কোথাও কোথাও সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি বৃষ্টির ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।

চলতি বছর এপ্রিলের শেষ ভাগে এক দফা এবং মে মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার মুখে পড়ে হাওর ও সীমান্তবর্তী উপজেলার নিম্নাঞ্চল।

হঠাৎ আসা পাহাড়ি ঢলে সিলেটের ১৩টি উপজেলার ৮৫টি ইউনিয়ন প্লাবিত হয়। হাওর অধ্যুষিত সুনামগঞ্জের সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েক জায়গায়।

মে মাসের বন্যায় সিলেট সদর, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার পর এবার বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা এবং সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এসব এলাকায় সপ্তাহ খানেকের বেশি সময় ধরে দুর্ভোগে পড়ে মানুষ। বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বসতভিটা প্লাবিত হওয়ার পাশাপাশি পানি ওঠে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে।

ওই সময় সুনামগঞ্জে বন্যায় কৃষি ও যোগাযোগ খাতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সরকারের কর্মকর্তাদের ভাষ্য।

Share if you like

Filter By Topic