ডিজেলের দাম কমানোর দাবিতে চার দিন ধরে ধর্মঘট চালিয়ে আসা পণ্যবাহী পরিবহন মালিক-শ্রমিকরা অবশেষে সরকারের তরফ থেকে আলোচনার দাওয়াত পেয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার রাতে সচিবালয়ে ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাংকলরি প্রাইম মুভার মালিক-শ্রমিক প্রতিনিধের সঙ্গে বসবেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু বলেন, মন্ত্রী কক্সবাজারে রয়েছেন।সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। পরে রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে বৈঠক শুরু হবে।
সরকার বুধবার মধ্যরাত থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ালে শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দেন বাস ও পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকরা। শনিবার বিকালের পর লঞ্চ মালিকরাও যোগ দেন ধর্মঘটে।
এরপর রোববার বাস মালিক ও লঞ্চ মালিকদের সাথে আলাদা করে বৈঠকে বসে সরকারের দুই নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ এবং বিআইডব্লিউটিএ।
পরে বাস ভাড়া ২৭ শতাংশ এবং লঞ্চ ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানোর সিদ্ধান্ত হলে মালিকরাও ধর্মঘট তুলে নেন।
কিন্তু বাংলাদেশ ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ দাবিতে অটল থাকার কথা জানিয়ে ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায়। অবশ্য সরকারের তরফ থেকে আলোচনায় আনার তেমন কোনো উদ্যোগও আগে দেখা যায়নি।
বাংলাদেশ ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম রোববার বলেছিলেন, ভাড়া তাদের কোনো বিষয় নয়। তেলের দাম বাড়ানোর প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার, সিটি করপোরেশন-পৌরসভার নামে চাঁদাবাজি বন্ধ করার দাবিও রয়েছে তাদের।
ভাড়া বাড়ানোর পর বাস ও লঞ্চ চলাচাল রোববার রাত থেকেই শুরু হয়েছে। কিন্তু পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় বিঘ্ন ঘটছে বন্দরের কাজে।