আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ১৭ মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: February 03, 2022 11:05:50 | Updated: February 03, 2022 15:32:09


জব্দ করা কোকেন নষ্ট করা হচ্ছে। প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স

আর্জেন্টিনায় কোকেন সেবনের পর অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের গ্রহণ করা মাদকটিতে একটি বিষাক্ত উপদান মিশ্রিত ছিল বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দেশটির বুয়েনস আইরেস প্রদেশের বেশ কয়েকটি শহরে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন।

একজন সরকারি কর্মকর্তার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আরও ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রদেশটির আটটি শহরে বিষাক্ত কোকেন গ্রহণ করা আরও অনেক লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সবগুলো মৃত্যুর ঘটনা বুয়েনস আইরেস প্রদেশের অর্লিংনাম, সান মার্তিন ও তেরেস দে ফেবরেরো শহরে ঘটেছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

বুয়েনস আইরেস আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। একই নামের দেশটির জাতীয় রাজধানীর অবস্থানও এই প্রদেশে।

বুধবার প্রদেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ভুক্তভোগীদের কেউ কেউ আফিমের মতো যৌগ ওপিওয়েডের নেশায় মত্ত ছিলেন বলে বিশ্বাস কর্মকর্তাদের।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বুধবার প্রথম কয়েকজনের মৃত্যুর পরও মাদকটি বিক্রি করছিল, এমন সন্দেহে কিছু লোককে আটক করেছে প্রদেশটির নিরাপত্তা বাহিনী।

স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে সম্ভবত একটি অপরাধী একটি গোষ্ঠী খরচ কমাতে কোকেনের সঙ্গে বিষাক্ত একটি উপাদান মিশিয়েছিল।

বুয়েনস আইরেস প্রদেশের নিরাপত্তামন্ত্রী সের্হিও বের্নি স্থানীয় টেলিভিশনে বলেছেন, আমরা ল্যাবরেটরির ফলাফল ও আটক লোকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের জন্য অপেক্ষা করছি।

Share if you like