সংযুক্ত আরব আমিরাত যেতে যাত্রার ৬ ঘণ্টা আগে করোনাভাইরাসের আরটিপিসিআর পরীক্ষার যে বাধ্যবাধকতা ছিল তা শিথিল করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এখন যাত্রার আগের ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার সনদ নিয়েই যাত্রীরা ফ্লাইট ধরতে পারবেন। ফলে বিমানবন্দরে গিয়ে কোভিড পরীক্ষার জটিলতা আর থাকল না।
মঙ্গলবার সকাল ১০টা থেকেই এ নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানিয়েছেন।
গতবছর করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের সময় সংযুক্ত আরব আমিরাত বিমান চলাচল বন্ধ করে দিলে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশে আটকা পড়েন। পরে সেপ্টেম্বরে তাদের সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি দেয় দেশটির সরকার।
কিন্তু সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের সনদ নিতে হত। তাতে যাত্রীদের ৮-১০ ঘণ্টা আগে বিমানবন্দরে হাজির হতে হত। দীর্ঘ অপেক্ষার সময়টায় আশপাশের রেস্তোঁরা আর দোকানের খাবার খেয়ে অনেকে পেটের পীড়াতেও আক্রান্ত হচ্ছিলেন বলে সে সময় খবর আসে।
এখন কোভিড পরীক্ষার সময়সীমা বাড়ায় যাত্রীরা বাইরে নির্ধারিত কিছু কেন্দ্রেও কোভিড পরীক্ষা করাতে পারবেন। তাতে তাদের ভোগান্তি কমবে।
