Loading...
The Financial Express

আমি গর্বিত, তার গানে লিপ সিং করেছি'

| Updated: February 06, 2022 21:26:39


আমি গর্বিত, তার গানে লিপ সিং করেছি'

আশির দশকে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘দূর দেশ’ সিনেমায় ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া দুই গানে ‘লিপ সিং’ করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ববিতা; তার মধ্যে ‘দুশমনি না করো অ্যায়ে সনম’ গানটি বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়ায় বেঁধে রেখে রোববার সকালে চিরবিদায় নেন লতা মঙ্গেশকর।

দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেন, “উনার মতো শিল্পী আর পৃথিবীতে আসবে না। খবরটা শুনে আমার খুব খারাপ লাগছে। তার গানে ‘লিপ সিং’ করে গর্ববোধ করি। সকাল থেকে ওই গানটিই বারবার শুনছি।”

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন ভারতের ভারতের অমৃশ সাঙ্গাল ও বাংলাদেশের এহতেশাম। সিনেমাটি পরে বাংলায় ডাব করে বাংলাদেশে মুক্তি দিয়েছিল মধুমিতা টকিজ।

সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে কানাডায়; সেখানেও সিনেমাটি মুক্তি পেয়েছিল।

ববিতার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের অভিনেতা নাদিম; ববিতার বাবার চরিত্রে শশী কাপুর ও মায়ের চরিত্রে শর্মিলা ঠাকুর ছিলেন।

বাংলায় ডাবিংয়ের সময় উষা খান্নার সংগীতায়োজনে লতার গাওয়া ‘দুশমনি না করো অ্যায়ে সামান’ গানের বাংলা সংস্করণ ‘দুশমনি করো না প্রিয়তম’ গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন; সে গানটিও বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বাংলা গানের সংগীতায়োজন করেছিলেন গোলাম হোসেন।

সিনেমার দৃশ্যধারণ কানাডায় হওয়ায় সেবার লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাৎ হয়নি ববিতার; তার সঙ্গে দেখা হয়েছিল আরও পরে, লন্ডনে।

সেই দিনের স্মৃতি তুলে ধরে ববিতা বললেন, “আমার সঙ্গে চম্পা ছিল, বাচ্চারা ছিল। দেখা হতেই গিয়ে পরিচয় দিলাম। অটোগ্রাফ নিলাম। কুশল বিনিময় শেষে উনি হাসলেন।”

তার পর আর লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা হয়নি ববিতার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic