Loading...

উপাচার্যের পদত্যাগ ও মামলা প্রত্যাহার দাবি

আমরণ অনশনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

| Updated: January 19, 2022 20:41:55


আমরণ অনশনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন সেখানকার শিক্ষার্থীরা।

উপাচার্যের বাসভবনের সামনে বুধবার বিকেল ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে নয়জন ছাত্রী ও ১৫ জন ছাত্র অংশ নিয়েছেন। অনশনকারীদের ঘিরে রেখেছেন অন্য ছাত্র-ছাত্রীরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে উপাচার্যের পদত্যাগের জন্য বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা আমরণ অনশন কর্মসূচিও এর আগে ঘোষণা করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের  বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার বিকালে ক্যাম্পাসে পুলিশ দেখে ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাইসহ’ নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। এর পরপরই আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তাতে শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন।

এর জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তারা নির্দেশ উপেক্ষা করে হলে অবস্থান করেন। উল্টো তারা উপাচার্যের পদত্যাগ দাবি নতুন করে আন্দোলন শুরু করেন।

তাছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। গুলি বর্ষণ ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ আনা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে।

Share if you like

Filter By Topic