ছয় মাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে।
সোমবার রাত সোয়া ৪টার বস্তিতে আগুন লাগার খবর পেয়ে নেভাতে যায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন, “আমাদের ১৮টি ইউনিট হয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
আগুনে কতগুলো ঘর পুড়েছে এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, এই বস্তিতে হাজারখানেকের বেশি ঘর আছে।
“আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।”
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুলিশ ও র্যাবও সেখানে কাজ করছে।
সবশেষ গতবছর ২৩ নভেম্বর মধ্যরাতে ভয়াবহ আগুনে এই বস্তির প্রায় আড়াই শতাধিক ঘর পুড়ে গিয়েছিল।
২০১২, ২০১৫ ও ২০১৬ সালেও আগুনে পুড়েছিল সাততলা বস্তি।
মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের যে ৫০ একর জমি বেহাত হয়েছিল, তার বড় অংশ জুড়ে এই সাততলা বস্তি।
সংক্রামক ব্যাধি হাসপাতালের ৮ একর জমি দখল করে সাততলা বস্তি গড়ে উঠেছে। হাসপাতালের দুই পাশ ঘিরে বস্তির অবস্থান।
